প্রশ্নঃ 2157
আসসালামুআলাইকুম, কারো স্ত্রী যদি বোরকা পরতে অনিহা প্রকাশ করেন, বেপর্দা চলতে চায়, কি করনীয়। ধন্যবাদ।
21 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। পর্দা করতে বাধ্য করতে হবে। না করলে পরিবার ছাড়তে হবে। এক্ষেত্রে উক্ত লোকটি একটি কৌশলের আশ্রয় নিতে পারে। সে স্ত্রীকে বলবে পর্দা না করলে আমি আরেকটা বিয়ে করে তার সাথে থাকবো, তোমার সাথে থাকবো না। এমন করলে দেখবেন ঠিকই পর্দা করবে।
প্রশ্নঃ 2028
আসসালামু আলাইকুম ১। স্বামী-ই যদি পর্দার অন্তরায় হয়ে দাঁড়ায়? তার পরিবার এর নন মাহরাম পুরুষ এর সাথে কথা না বললে রাগ হয়,সঠিক পর্দা করলে বিরক্ত হয়, যে নিজে আল্লাহর হুকুম মানার ব্যাপারে গাফেল, সেই স্বামী অসন্তুষ্ট থাকলে কি বৌ এর গুনাহ হবে? সেই স্বামী অসন্তুষ্ট থাকলে কি বৌ জাহান্নামী হবে?
২। আমি আরবি ভাষা শিখতে চাই,কিভাবে শুরু করলে organized ভাবে শিখা যাবে। এই মুহূর্তে কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে শেখাটা আমার জন্যে একটু কষ্টকর । যদি কোনো বই এর রেফারেন্স দেন তাহলে খুব ভালো হয়। ৩। আমি অনেক সময় বাচ্চা কে দুআ পরে পিছন এর দিক থেকে ফু দেই (হয়তো ও আমার থেকে অন্য দিকে কাত হয়ে শুয়ে আছে এমন অবস্থায় ) এতে কি কোনো সমস্যা আছে?
জাজাকাল্লাহ
18 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। না, এতে স্ত্রী গুনাহগার হবে না, এই কারণে স্বামী অসন্তুষ্ট থাকলে স্ত্রী জাহান্নামী হবে না। হাদীসে আছে, لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ আল্লাহর নাফরমানীর কাজে কাউকে আনুগত্য করা যাবে না, আনুগত্য হবে ভাল কাজে। সহীহ বুখারী, হাদীস নং ৭২৫৭। ২। একজন ভাল শিক্ষিকার কাছে শেখা শুরু করতে হবে। বই বিষয় নয়, শিক্ষিাকা ভাল হওয়া প্রয়োজন। ৩। অসুবিধা নেই।
প্রশ্নঃ 1963
আসসালামু আলাইকুম, আমার একজন হিন্দু বন্ধু আছে। সে আমাকে একটি জামা উপহার দিয়েছিল। আমি তা গ্রহণও করেছিলাম। যখন গ্রহণ করেছিলাম তখন আসলে ইসলাম থেকে অনেক দুরে ছিলাম। প্রশ্ন হচ্ছে আমি কি এই জামা ব্যবহার করতে পারব? যদি না পারি তবে কি তা কি করতে পারি?
17 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, আপনি জামাটি ব্যবহার করতে পারবেন।
প্রশ্নঃ 1851
আসসালামুআলাইকুম। টাইট প্যান্ট -জিন্সের বা অন্যান্য এগুলো পরে কী স্বলাত হবে? এগুলো পরে অনেক স্বলাত পরেছি (স্বাভাবিক কাপড়ের তুলনায় অনেক কম); এখন আর পড়িনা। না হলে, আগের স্বলাতগুলো কী কাযা করতে হবে?
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের পোশাক সর্বদা বর্জন করা আবশ্যক। তবে সালাতের মধ্যে যতটুকু পরিমাণ ঢাকা ফরজ ততটুকু পরিমমাণ শরীর ঢাকা অবস্থায় সালাত আদায় করলে সালাত কাজা করা লাগবে না। আর যদি ততটুকু পরিমাণ না ঢাকা অবস্থায় সালাত আদায় করেন তাহলে কাজা করতে হবে।
প্রশ্নঃ 1841
আসসালামুলাইকুম ১) ইসলামিক বই ছাড়া অনেক বইয়ের উপর মুর্তি বা প্রানীর ছবি থাকে। এই বইগুলো ঘরে থাকলে কোন সমস্যা হবে কি? আবার অনেক কাপড়ে প্রাণী বা মুর্তির ছবি থাকে এবং কাপড় ছিড়ে ফেলা ছাড়া উপায় থাকে না । সেই ছবি গুলোর উপর দিয়ে যদি সুতা দিয়ে সেলাই করে ছবির আকৃতি নষ্ট করে দেই বা সেলাই করে ঢেকে ফেলি তাহলে হবে?
২) সলাতের সময় পুরা শরীর ঢাকা থাকে কিন্তু অনেক সময় পায়ের আঙ্গুল বা পায়ের পাতার উপরে সামান্য দেখা যায় এক্ষেত্রে কি সলাত ভেঙ্গে যাবে?
13 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। বইয়ের উপরের ছবি নষ্ট করে ফেলবেন। ছবি আছে এমন জামা-কাপড় কিনবেন না। ছবি থাকলে আকৃতি নষ্ট করে দিলে সমস্যা নেই। ২। না, এতে সালাত ভঙ্গ হবে না।
প্রশ্নঃ 1653
পুরুষদের সুন্নাত পোশাক কেমন? পাঞ্জাবি যদি পরে তবে তাঁর নিচে কাটা কেমন হবে আর লম্বা কেমন হবে? হাদিসএর আলকে জানতে চাই। রেফারেঞ্চ সহ জানালে উপকৃত হব।
07 Jan 2026
দেখুন রাসূলুল্লাহ সা. আমাদেরকে মূলত ইবাদত শিখাতে এসেছিলেন, পোশাক পরাতে নয়। তবে তিনি পোশাকের ব্যাপারে একটি মূলনীতি দিয়ে গেছেন, পুরুষ এমন পোশাক পরবে যাতে তার সতর ঢাকা থাকবে। মহিলারাও তাই। বিস্তারিত জানতে দেখুন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা বইটি।
প্রশ্নঃ 1588
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১। বাসায় নন-মাহরাম এর সামনে মাথায় বড় হিজাব পরে মুখ খুলে রেখে স্বাভাবিক কাজ কর্ম করা,কথা বলা যাবে কি? (যদি সবসময় বাসায় নন-মাহরাম থাকে এবং পর্দা সিস্টেম না থাকে)
২। অনিচ্ছাকৃত ভাবে খালি হাত (কাপড় চেঞ্জ করার সময়) লজ্জা স্থানে লাগলে ওযু ভাঙে কি? কেউ কেউ বলে নাভির নিচে হাত লাগলেই ওযু ভেঙে যায়, এটা কি সত্য?
৩। অস্সুন্নাহ ট্রাস্ট-এ জাকাত এর টাকা দেয়া যায় কিনা? দেওয়া গেলে বিকাশ নাম্বার দিলে উপকৃত হবো। জাজাকাল্লাহ
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। বাসার বাইরে এবং ভিতরে সব জায়গাতেই পর্দার বিধান একই। সুতরাং যতটা সম্ভব মুখ ঢেকে রেখেই স্বাভাবিক কাজকর্ম করতে হবে। ২। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন অবস্থাতেই ওযু ভাঙবে না। যা শুনেছেন তা ভুল। ৩। এই নাম্বারে পাঠাতে পারেন। এটা আমাদের সেক্রেটারী সাহেবের নাম্বার। টাকা পাঠানোর পূর্বে কথা বলে নিবেন। 01718136962
প্রশ্নঃ 1531
আসসালামু আলাইকুম। নামায এর সময় টুপি পড়া কি বাধ্যতামূলক? মানে টুপি না পড়ে নামায পড়লে, নামায আদায় হয় না? সওয়াব পাওয়া যায় না? আর হাফ হাতা শার্ট পড়ে নামায পড়লে নাকি নামায মাকরূহ হয়? অনুগ্রহ করে উত্তর জানাবেন। জাজাকাল্লাহ খাইরান
07 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. এবং তাঁর সাহাবীগণ সাধারণত অধিকাংশ সময় টুপি পরে থাকতেন, তবে সব সময় থাকতেন এমনো না, হাদীস থেকে এগুলো জানা যায়। আল্লাহভীরু মানুষেরাও সাধারণত সব সময় টুপি পরে থাকেন। মোটকথা টুপি মুসলিমদের একটা ঐতিহ্যবাহী পোশাক। এটা নামাযের কোন পোশাক নয়। সুতরাং টুপি পরার সাথে নামায হওয়া বা না হওয়ার কোন সম্পর্ক নেই। অন্যান্য সময় টুপি না পরে শুধু নামাযের সময় টুপি পরলে নামাযে বেশী সওয়াব হবে এমন কোন হাদীস নেই। অধিকাংশ সময় টুপি পরলে রাসূল সা. এর সুন্নাত হিসেবে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। হাফহাতা শার্ট আল্লাহভীরু মুসলিমদের পোশাক নয়। তাকওয়াবান প্রত্যেকের উচিত হাফহাতা শার্ট পরা বর্জন করা। তাকওয়া প্রকাশ পায় এমন পোশাক পরা উচিত। তবে নামাযের কোন ক্ষতি হবে না।
প্রশ্নঃ 1377
আমাদের সমাজে দেখা যায় মেয়েরা বিয়ের দিন পার্লারে সাজগুজ করে বেগানা পুরুষের সামনেই থাকে যদিও সে অন্যসময় পর্দা করে। আর সেদিন নামাজও পরেনা। এইটা কি ঠিক?
05 Jan 2026
পর্দা ও নামায সব সময় ফরজ। বিয়ের দিনে বাদে অন্যান্য দিন ফরজ এরকম নয়। সুতরাং বিয়ের দিন হোক বা অন্য দিন হোক পর্দা ও নামায ফরজ। ফরজ বিধান ছাড়লে কবিরা গুনাহ হয়।
প্রশ্নঃ 1331
আসসালামুআলাইকুম। আমি জেনেছি অমুসলিম নারীদের সামনেও পর্দা করতে হয়। তাদের সামনে পর্দার বিধান এবং গাইরে মাহরামদের সামনে পর্দার বিধান কি একই রকম? যেমন, বিয়ের অনুষ্ঠানে কনে যদি অমুসলিম নারীদের সামনে সামান্য সাজগোজ করে, বিয়ের জাঁকজমকপূর্ণ পোশাক পরে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখে এবং কেবল মুখ ও হাতের কবজি থেকে আংগুল পর্যন্ত খোলা রাখে তাহলে কি কনের গুনাহ হবে? উল্লেখ্য কনেকে এই অবস্থায় কোনো গাইর মাহরাম দেখতে পারবে না। শুধু বিধর্মী নারীদের সামনে এমন অবস্থার বিধান জানতে চাচ্ছি।
05 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, আপনি উক্ত পোশাকে অমুসলিম মহিলাদের সামনে যেতে পারবেন।
প্রশ্নঃ 1175
আসসালামু আলাইকুম
Ami ekjon italy probasi ;prai choto bela thekei ami italy thaki
Ami kicu din jaboth hijab pori kintu muk kula rakhi ami kono makeup kori na,
Ami dr. Khandakar abdullah sir er ekti boktobbe sune chi eta kora jabe
Kintu ami aro koi ekjonke jighes korechi tara amake bolche eta guna hobe karon muk holo sundorjer prodan ongcho.
Ekhon ami bujte parchi na ki kora amar jonno valo hobe doia kore ki iktu bujie bole diben plz.
04 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আমরা এটা জানতে পেরে খুশী যে, আপনি পর্দা করা শুরু করেছেন। আমরা দুআ করি আল্লাহ আপনাকে দীনের পথে অবিচল রাখুন। মুখ খুলে রাখার বিষয়ে আলেমগণ কিছুটা মতভেদ করেছেন। অনেক আলেম বলেছেন মুখ খুলে রাখা জায়েজ আছে। আবার অনেকেই না জায়েজ বলেছেন। তবে ঢেকে রাখা যে উত্তম এবং অধিক সতর্কতা এই বিষয়ে সবাই একমত। তাই আপনার জন্য উচিৎ হলো বিতর্কের মধ্যে না থেকে উ্ত্তমটির উপর আমল করা অর্থাৎ মুখ ঢেকে রাখা। মুখই যেহেতু সৌন্দর্য প্রকাশের প্রধান মাধ্যম সুতরাং এই ফিৎন-ফাসাদের যুগে মুথ ঢেকে রাখা যে ভাল তা বলার অপেক্ষা রাখে না।
প্রশ্নঃ 1123
ফজরে ঘুম থেকে উঠে দেখি পরনের গেঞ্জি / লুঙ্গির মধ্যে মশার রক্ত লেগে আছে। আর উক্ত জামা পরিবর্তন না করেই নামাজ পরে ফেলছি। প্রশ্ন হল এতে করে কি নামাজ আদায় হয়েছে?
মশার রক্ত জামায় লেগে জাওয়া নিয়ে ভিন্ন কোন মাসালা থাকলে আশা করি জানাবেন?
04 Jan 2026
আপনার নামায সহীহ হয়েছে। চিন্তা করার দরকার নেই। মশার রক্তে কোন সমস্যা নেই।
প্রশ্নঃ 968
দাড়ি রাখার সুন্নাত তরিকা সম্পরকে জানতে চাই ।
03 Jan 2026
দাঁড়ি রাখা মূমিনের একান্ত কর্তব্য। রাসূলুল্লাহ স. দাঁড়ি রাখতে আদেশ দিয়েছেন, দাঁড়ি নিজে রেখেছেন, দাঁড়ি কাটতে নিষেধ করেছেন। এই বিষয়ে নিচের হাদীসটি লক্ষ করুন: عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ ، وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ ، أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ.অর্থ: নাফে ইবনে উমার রা. থেকে তিনি রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচারণ করো, তোমরা দাঁড়ি ছেড়ে দাও এবং গোঁফ কে কটে ফেলো। (নাফে বলেন,) আব্দুল্লাহ ইবনে উমার রা. যখন হজ্ব কিংবা উমরা করতে যেতেন তখন একমুষ্টির উপরের দাঁড়ি কেটে ফেলতেন। সহীহ বুখারী, হাদীস নং ৫৮৯২। সুতরাং মুমিনের দায়িত্ব হলো দাঁড়ি লম্বা করে কম পক্ষে একমুষ্টি করে রাখা। বিস্তারিত জানতে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা বইয়ের ৫ম অধ্যায়ের দাড়ির পরিচ্ছেদটি দেখুন।
প্রশ্নঃ 927
আস-সালামুআলাইকুম। আমি আল্লাহর রহমতে টাখনুর উপরে কাপর পরি। কিন্তু পায়ে মোজা পরলে সেটা নিচ থেকে টাখনুর উপরে উঠে আসে। আমার প্রশ্ন হল টাখনু ডেকে মোজা পরার ফলে আমার কি গুনাহ হবে? আশা করি উত্তর টি জানাবেন।
02 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। পরিধেয় বস্ত্র টাখনুর নিচে পরলে সমস্যা, মোজা টাখনুর উপরে গেলে সমস্যা নেই। মোজা তো টাখনুর ্উপরই যাবে এটাই স্বাভাবিক। গুনাহ হওয়ার কোন প্রশ্ন নেই।
প্রশ্নঃ 738
মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ প্রতি বছরই ঈদে ভারতীয় নাইকাদের বা টিভি সিরিয়ালের চরিত্রের নামে dress বের হয়, যেমন এর আগে বের হয়েছিল কিরনমালা এবার বের হয়েছে দুর্গা। আমার প্রশ্ন হল, দুর্গা নামের এই dress কেনা বা পরা যাবে কিনা? যাযাকুমুল্লাহ।
31 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান পৃথিবীর অধিকাংশ আলেম ওলামা বলে থাকেন যে, কম্পিউটার এনিমেশন তথা কার্টুন অংকন করা যা ছোট শিশুরা দেখে বিনোদন হিসেবে তা বৈধ। তাই বলা যায় যে, আপনার কর্ম বৈধ। তবে আপনাকে মনে রাখতে হবে অশ্লীল কার্টুন অংকন করা কোন ভাবেই জায়েয হবে না। আল্লাহ ই ভাল জানেন।
প্রশ্নঃ 709
আস-সালামু আলায়কুম, সম্প্রতি আমি ইসলামে পর্দা বইটার কিয়দংশ পড়েছি। আমি বইটিতে পেলাম যে, মহিলাদের সুগন্ধি বা এককথায় বডি স্প্রে ব্যবহার করা জায়েজ নাই। এই গরমে আমরা অনেকেই বডি স্প্রে ব্যবহার করি শুধু গরমের দূর্গ্ধন্ধ থেকে বাঁচার জন্য এবং তা মোটেও কড়া গন্ধ নয়। আর আমাদের বোরকা একটা হওয়াতে তা প্রতিদিন ধোয়া সম্ভব ও নয়। এই অবস্থায় আমরা কি করব বা কি করণীয়? জানিয়ে দুশ্চিন্তামুক্ত করুন। (যাদের শুধু একটা বোকরা আছে)।
31 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম। ছেলেরা আকর্ষিত হবে সেই কারণে মেয়েদের সুগন্ধিযুক্ত কোন কিছু মেখে বাইরে যেতে হাদীসে রাসূলুল্লাহ সা. নিষেধ করা হয়েছে। আপনি যা লিখেছেন সে অনুযায়ী যদি আরেকটি বোরকাতে সমস্যার সমাধান হয় তাহলে আরেকটি বোরকার ব্যবস্থা করা উচিত। বর্তমান সময়ে এটা কোন কঠিন ব্যাপার না। তারপও যদি কারো একান্তই না থাকে তাহেল এতটুকু পরিমাণ বডি স্প্রে ব্যবহার করবেন যার গন্ধ বাইরে ছড়াবে না।
প্রশ্নঃ 597
স্যার আমি এই মাস থেকে সুন্নতি style এ টাখনুর উপরে pant পড়া শুরু করেছি। সাধারনত pant নাভির নিচে চলে যায়। কিন্তু সেই অংশ shirt দিয়ে ঢাকা থাকে, এতে কি কোন সমস্যা হবে?
30 Dec 2025
শার্ট দিয়ে ঢাকা থাকলে কোন সমস্যা নেই। তবে প্যান্ট এমন হওয়া উচিৎ যা নাভীর না আসে।
প্রশ্নঃ 518
মেয়েদের সুগন্ধি ব্যবহার নিষেধ । আমার প্রশ্ন হচ্ছে বাজারে যে সব নারিকেল তেল আছে এতে সুগন্ধি আছে তাহলে কি ব্যবহার করবে?
29 Dec 2025
মুসলিম মহিলাদের জন্য পোশাকে বা শরীরে সুগন্ধি মেখে বাইরে বের হতে রাসূলুল্লাহ সা. বিশেষভাবে নিষেধ করেছেন। আবূ মূসা আশআরী (রা) বলেন, রাসূলুল্লাহ সা.বলেছেন: أَيُّـمَا امْـرَأَةٍ اسْتَـعْـطَـرَتْ فَـمَـرَّتْ عَلَى قَـوْمٍ لِـيَـجِـدُوا مِـنْ رِيـحِـهَا فَـهِـيَ زَانِـيَـةٌ যদি কোনো মহিলা সুগন্ধি মেখে মানুষের মধ্যে প্রবেশ করে, যেন মানুষেরা তার সুগন্ধ অনুভব করে, তবে সেই মহিলা ব্যভিচারিণী। সুনানু তিরমযী, হাদীস নং ৫১২৬। হাদীসটির সনদ সহীহ। এ হাদীসে রাসূলুল্লাহ সা. সকল ক্ষেত্রে মানুষের মধ্যে সুগন্ধি মেখে গমন করতে নিষেধ করেছেন। মহিলার জন্য বাজার, বিবাহ অনুষ্ঠান, মসজিদ, ওয়ায-মাহফিল, কর্মস্থল বা যে কোনো স্থানে দেহে অথবা পোশাকে সুগন্ধি ব্যবহার করে গমন করা এ হাদীসের আলোকে নিষিদ্ধ ও কঠিন হারাম। সুতরাং নারিকেল তেলের ভিতরেও যদি এমন সুগন্ধি থাকে যা মানুষ অনুভব করে তাহলেও এটাও হারাম হবে।
প্রশ্নঃ 395
আপনি সাইয়্যিদ কুতুবের ফী যিলালিল কুরআন পড়তে বলেন,অথচ অনেক আলিম এতে খারেজী চিন্তা-চেতনা ও আরো বিভিন্ন প্রকারের বহু ভুল আছে বলে দাবী করেন। এ ব্যাপারে কিছু বলবেন কি?
28 Dec 2025
আমরা বিষয়টি মোটেও বুঝি না। মানুষের রচিত কোনো গ্রন্থ কি নির্ভুল হতে পারে? কোনো বই পড়তে বলার অর্থ কি বইটি বা লেখককে নির্ভুল বলে মনে করা? কোনো গ্রন্থে ভুল থাকলে কি তা নিষিদ্ধ হয়? মূল কথা হলো, মুমিনকে সকল বিষয় যাচাই করতে হবে। প্রত্যেক আলিম তাঁর সাধ্যমত লিখতে চেষ্টা করেছেন এবং কেউই ভুলের উর্ধ্বে নন। তফসীরে জালালাইনে এমন কিছু ইহুদি বর্ণনা বিদ্যমান যা নবীগণের নিষ্পাপত্ব বিষয়ক ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক। তাফসীরে তাবারীতে জাল হাদীস রয়েছে। তাফসীরে কাশশাফে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা শক্তভাবে খ-ন করে মুতাযিলী আকীদা প্রমাণ করা হয়েছে এবং আহলুস সুন্নাতের নিন্দা করা হয়েছে। হাদীসের অনেক গ্রন্থে জাল হাদীস রয়েছে। প্রসিদ্ধ আলিমগণের অনেক গ্রন্থেই কিছু আপত্তিকর বা বিতর্কিত তথ্য বিদ্যমান।
প্রশ্নঃ 394
স্ত্রী কি স্বামীর জৈবিক চাহিদা সুন্দরভাবে পূরণ হওয়ার জন্য যে কোন ধরণের খোলামেলা পোশাক স্বামীর সামনে পড়তে পারে?
28 Dec 2025
হ্যাঁ, আসতে পারে। স্বামীর সামনে স্ত্রীর কোন পর্দা নেই। বরং স্বামী ও স্ত্রীর মধ্যে অন্তরঙ্গতা ও জৈবিক আনন্দ বৃদ্ধির জন্য চেষ্টা সুন্নাহ নির্দেশিত সাওয়াবের কর্ম।
প্রশ্নঃ 375
assalamualaikum,
1/ amar prosno holo ami jodi salat porar khetre hata kata jama pore salat pori tahole ki amar salat hobe.
2/ are ekti proshno holo taknur upore pant ba payjama porar khetre ami jodi baj kore kore pant ba payjama pori tahole ki kono problem hobe …
28 Dec 2025
ওয়া আলাইকুমুস সালাম।
হাতা কাটা জামা পরে সালাত আদায় করা যাবে, কোন সমস্যা নেই। আর পাজামা বা প্যান্ট ভাজ করে পরলেই হাদীসের নিষেধাজ্ঞা থেকে বাঁচা যাবে।
প্রশ্নঃ 320
কোন মেয়ে যদি আশালীন পোশাক পরে রাস্তা দিয়ে যায়,। যদি তার উপর আমাদের চোখ পড়ে তাহলে কি আমাদের গুনাহ হবে? আর ২য় বার ঐ মেয়েটার দিকে তাকানোকে ইসলাম এর দৃষ্টিতে কি জানাবেন প্লিজ।
28 Dec 2025
না, কোন মেয়ের দিকে হঠাৎ চোখ পড়ে গেলে যদি তৎক্ষণাৎ দৃষ্টি সংযত করা হয় তবে কোন গোনাহ হবে না। কারণ এর থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তবে পূণরায় তার দিকে তাকানো হারাম হবে। কেননা আল্লাহ তায়ালা বলেন,
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ
অর্থ: আপনি মূমিনদের বলেন যেন তারা তাদের চোখকে হেফাজত করে। সূরা নূর, আয়াত ৩০। হাদীসে আছে রাসূলুল্লাহ সা. আলী রা. কে বলেন,
يَا عَلِىُّ لاَ تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ
অর্থ: আলী! তুমি একবার দেখার পর আরেকবার দেখো না কেননা প্রথমবার তোমার জন্য মাফ দ্বিতীয়বার নয়। সুনানু তিরমিয়যী, হাদীস নং ২৭৭৭; আবু দাউদ হাদীস নং ২১৫১; মুসনাদ আহমাদ, হাদীস নং ১৩৭৩। ইমাম তিরমিযীসহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে হাসান বলেছেন।